কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হঠাৎ একটি বানরের দেখা মিলেছে। বিরল এ দৃশ্য দেখতে শিক্ষার্থীসহ উৎসুক জনতার ভিড় জমেছে এলাকায়।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল এলাকায় বানরটি গাছ থেকে গাছে ঘুরে বেড়াতে দেখা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় বানরের উপস্থিতি লক্ষ্য করা গেছে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ বানরটি দেখতে ভিড় করেন। এসময় বিভিন্ন ধরনের খাবার ছুড়ে খেতে দেয়ার দৃশ্য লক্ষ্য করা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বানরটি কখনো গাছের ডালে বসে আবার কখনো এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াচ্ছিল। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে কিংবা বনাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে বানরটি লোকালয়ে চলে এসেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বন্য প্রাণী লোকালয়ে এলে তাদের বিরক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। একই সঙ্গে প্রাণীটিকে খাবার না দেওয়া এবং কোনো ধরনের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন তারা।
পিএস