পাথরঘাটা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র চরম উত্তাল হয়ে উঠেছে। ১২ থেকে ১৮ ফুট উচ্চতার ঢেউ এবং ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান সমুদ্রে না পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন পাথরঘাটার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সারতাজ স্বাক্ষরিত এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বর্তমানে অত্যন্ত উত্তাল ও ঝুঁকিপূর্ণ। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা ১২ থেকে ১৮ ফুটের মধ্যে ওঠানামা করছে। তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে কোনো ট্রলার বা নৌযান সমুদ্রে না পাঠানোর জন্য জেলে, ট্রলার মালিক, ঘাট কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে গেলে প্রাণহানির ঝুঁকি রয়েছে। বৈরী আবহাওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনাও অত্যন্ত কঠিন হয়ে পড়বে, যা উদ্ধারকারী সদস্যদের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে, বিরূপ আবহাওয়া আরও চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। এ কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি বার্তাটি দ্রুত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কোস্ট গার্ড ও আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার সমুদ্রে না পাঠানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
পিএস