নীলফামারী : নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত যাত্রীবাহী মিথিলার ভ্যান-চালকসহ একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে জলঢাকা- ডোমার আঞ্চলিক সড়কের একবট নামক স্থানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় একজন আহত হয়।
নিহতরা হলেন- ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের নদীয়াপাড়ার ওলি বর্ম্মনের ছেলে মিথিলা ভ্যান চালক পরিমল বর্ম্মন (৪০), নিহত পরিমলের ছোট ভাই প্রদীপ বর্ম্মনের স্ত্রী প্রতিমা বর্ম্মন (৩০), তার দুই সন্তান বিপাশা বর্ম্মন (৮) ও যাদব বর্ম্মন (৪)। এ সময় নিহত প্রতিমার আহত জমজ সন্তান নম্রত বর্ম্মন (৪) ও অপরযাত্রী সহিদুল ইসলামকে (৪০) উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যদর্শীরা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে আসছিল একটি ট্রাক ( বগুড়া ট ১৯-২৪৭২)। ট্রাকটি দ্রুত গতিতে এসে ওই সড়কের এক বট নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের ধারে পড়ে যায়। এতে মিথিলার চালকসহ একই পরিবারের ৪ যাত্রীরা ঘটনাস্থলে নিহত হয়।
খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করে ডোমার হাসপাতালে নেয়। এখান থেকে আহত দুইজনকে রংপুর মেডিকেলে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ডোমার থানার ওসি হাবিবুল্লাহ হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করা হবে।
পিএস