চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বিতরণ করেছে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ীর ছাত্র-যুব সমাজ। গত শনিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তিনটি গ্রামে গিয়ে এসব উপহার তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।
পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি শাহ ওয়ালীউল্লাহ কাসেমীর নেতৃত্বে মাত্র পাঁচ দিনের প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দা, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার নগদ অনুদান সংগ্রহ করা হয়। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল ও ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন সংগ্রহ করেন উদ্যোক্তারা।
কার্যক্রমের সমন্বয়ক আরবাজ রুমান জানান, অল্প কয়েক দিনের আহ্বানে সবার কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। সংগৃহীত অর্থ ও সামগ্রী দিয়ে সাতকানিয়া উপজেলার তিনটি গ্রামের ক্ষতিগ্রস্ত প্রায় ২০০টি পরিবারের মাঝে সুষ্ঠুভাবে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এই কার্যক্রম সফল করতে সংগঠনের সদস্যরা দিন-রাত পরিশ্রম করেছেন। ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
সংগঠকদের এমন মানবিক উদ্যোগ স্থানীয় অধিবাসী ও সচেতন মহলের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, দুর্যোগের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে পলাশবাড়ীর তরুণ সমাজ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
এসএইচ