চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই শহরের বেশ কয়েকটি পাম্পে ভিড় নিয়ন্ত্রণ ও সবার মাঝে তেল সরবরাহ নিশ্চিত করতে সাময়িকভাবে রেশনিং পদ্ধতিতে ২০০ থেকে ৩০০ টাকার জ্বালানি তেল বিক্রি করা হয়।
পাম্প সংশ্লিষ্টরা জানান, গত দুই দিনে গুজবের কারণে অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করেন। এতে কিছু পাম্পে চাপ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি কোনো প্রকৃত সংকট নয়, বরং পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। নিয়মিতভাবেই জ্বালানি তেল জেলায় পৌঁছাচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মজুত কিংবা ভোক্তাদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পিএস