ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতি, অভিযানে উদ্ধার

  • ঈশ্বরদী প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশের একটি ওজন স্কেলে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে বের হওয়া ঝুটবোঝাই ছয়টি ট্রাকের ওজন নেওয়ার সময় মোটরসাইকেলে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সেখানে উপস্থিত হয়। অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের মারধর ও জিম্মি করে তারা দুটি ট্রাক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ডাকাত দলটি ট্রাক দুটি নিয়ে পাবনা শহরের বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় অবস্থান নেয়। খবর পেয়ে রাতভর অভিযান চালিয়ে জিম্মি চালকদের উদ্ধারসহ ঝুট ও ট্রাক দুটি হেফাজতে নেয় ডিবি পুলিশ। এ ঘটনায় জিয়াউল হাসান বিপ্লব নামের এক ব্যক্তি বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত ডাকাতি। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা প্রাইভেট কারে পালিয়ে গেলেও তাদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচ