রাজশাহী: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক একটি বাহিনী, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
রোববার (২ আগস্ট) সকালে ১০ টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশ বাহিনী নানা ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে, যেখানে কোনো নাগরিক সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হবেন না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
[273990]
সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সফলভাবে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ করে বাস্তব কর্মজীবনে প্রবেশ করেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে একাডেমির প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ—এই দুই বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড লাভ করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ. বি. এম. মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি জি. এম. আজিজুর রহমান। এছাড়াও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থীদের স্বজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
এসআই