ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী শিশুদের নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে রোববার (২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর শুক্রবার (৩১ জুলাই) ধর্ষণের এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাসুদ রানা উপজেলার বহরপুর কান্দিপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের মামা হন। তাদের বাড়ি পাশাপাশি। এছাড়া শিশুটি অভিযুক্তের মেয়ের কাছে প্রাইভেট পড়ত।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিশুটিকে চকলেটসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শিশুটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পর শিশুটি বিষয়টি পরিবারের কাছে জানালে শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পিএস