বরগুনা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান এমপি বলেছেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। অতীতের বৈষম্য ও অবহেলা দূর করে সারা দেশে সমান উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা চলছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বরগুনার উন্নয়ন অগ্রযাত্রা ও পিছিয়ে পড়া জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। জেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন সম্ভাবনা তুলে ধরেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, এজেডএম সালেহ ফারুক, জেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস মাহমুদ এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুরাদ খান।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ বরগুনার সার্বিক অগ্রগতিতে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভার শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তাসলিমা আক্তার বেগম সেলিমা রহমানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
পিএস