বিএনপি ধীরে ধীরে তাদের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে: সারজিস আলম

  • ভোলা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি : প্রতিনিধি

ভোলা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,  বিএনপির কাজের সমালোচনা থাকবে এবং দলটির ভুলত্রুটি ধরে কঠোর অবস্থান নেওয়া হবে। চাঁদাবাজি, জমি দখল, নির্যাতন কিংবা অপকর্ম করলে এনসিপি তা সরাসরি চিহ্নিত করবে এবং সোচ্চার থাকবে। তবে সবকিছুর পরও বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলা যাবে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছ থেকে বিএনপি ও আওয়ামী লীগকে পাশাপাশি রেখে তুলনামূলক প্রশ্ন প্রত্যাশা করা যায় না। এনসিপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে মিলাতে বা তুলনা করতে চায় না।

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে এবং ভারতে গিয়ে তাদের দাফন সম্পূর্ণ হয়েছে; এই চ্যাপ্টার এখন পুরোপুরি ক্লোজ।"

বিএনপির বিগত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে সারজিস আলম বলেন, বিএনপি ধীরে ধীরে তাদের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে। ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ এবং স্বজনপ্রীতির মতো পুরোনো কায়দা থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে। তারা যদি এসব অভ্যস্ততা ও রাজনীতি থেকে সরে না আসে, তবে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে। অন্যথায়, জনগণের আস্থা হারিয়ে আগামীতে ক্ষমতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়বে।

প্রশাসনের ওপর দলীয় প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, ডিসি, এসপি, ইউএনও কিংবা ওসিদের যদি বিএনপির দলীয় কার্যালয় থেকে পরিচালনা করতে চাওয়া হয়, তবে দেশে কাঙ্ক্ষিত সংস্কার আনা সম্ভব নয়।

এ ছাড়া, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ও বেতন বৃদ্ধির বিষয়টিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের করের টাকায় বেতন বাড়ানো হয়েছে। তাই কর্মকর্তা-কর্মচারীদের কাজের মাধ্যমে সর্বোচ্চ সততা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে। বেতন বাড়ানোর পরও যদি ঘুষ ও দুর্নীতি চালু থাকে, তবে জনগণ কঠোর আন্দোলনে নামবে এবং তখন কাউকে ছাড় দেওয়া হবে না।

পিএস