ভূমি অফিস তালাবদ্ধ পেলেন বিভাগীয় কমিশনার, বরখাস্ত হলেন কর্মকর্তা

  • ঝালকাঠি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: বরিশাল বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। এমনকি অফিসটিও ছিল তালাবদ্ধ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অফিসের আরও দুই কর্মচারীকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ কাউকে না জানিয়ে শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী কর্মকর্তাসহ কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে পাওয়া যায়নি। অফিসের মূল ফটকও ছিল তালাবদ্ধ। পরে স্থানীয় নৈশপ্রহরী সকাল সাড়ে ৯টার দিকে এসে অফিসের তালা খুলে দেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের আশপাশের স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পাশের একটি মুদি দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলেন। স্থানীয়রা তাকে জানান, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে অফিসে আসেন না।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, “কাউকে না জানিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম দেখতে সকাল ৯টায় সেখানে পরিদর্শনে যাই। অফিস প্রধান হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের অনুপস্থিতি দায়িত্ব পালনে চরম অবহেলার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি গুরুতর অপরাধ। তাই ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।”

এ ছাড়া একই অফিসে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে তিন কার্যদিবসের মধ্যে অনুপস্থিত থাকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম বলেন, বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনে শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী কর্মকর্তাসহ কাউকে পাওয়া যায়নি এবং অফিসটি তালাবদ্ধ ছিল। নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ। এ কারণে ইউনিয়ন ভূমি (উপ-সহকারী) কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের জন্য ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে সুপারিশসহ পত্র পাঠানো হয়। মঙ্গলবার বিকেলেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, সরকারি অফিসগুলোতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে। নিয়মিত নজরদারি বাড়ানো হলে সরকারি অফিসে যথাসময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত হবে এবং সেবাপ্রার্থীরা ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পাবেন।

পিএস