পোস্টার ছেঁড়া থেকে আতঙ্ক, রায়কোট দক্ষিণে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৫ নম্বর রায়কোট দক্ষিণ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ বাড়তে শুরু করেছে। প্রচারণার অংশ হিসেবে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা, প্রকাশ্য হাঙ্গামা এবং সম্ভাব্য প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এতে করে ওই এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সুষ্ঠু তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানিয়ে নাঙ্গলকোট ও পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি কর্মী মো. আজিম।
অভিযোগে বলা হয়, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব বামপাড়া এলাকায় ব্যাপকভাবে প্রার্থীর নির্বাচনী পোস্টার নষ্ট ও অপসারণ করা হয়েছে। এ ছাড়া কিছু দুষ্কৃতকারী এলাকায় ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে চরম বিশৃঙ্খলা তৈরি করছে।
স্থানীয় সূত্রের খবর, অপরাধে জড়িত ব্যক্তিরা পূর্ব বামপাড়ার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে গ্রেপ্তার এড়াতে পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম থানা এলাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন।
প্রার্থীর পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে এককভাবে অভিযুক্ত না করে ঘটনাটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ২ নম্বর ওয়ার্ডের প্রাশাসনিক মোট ৫১১টি হোল্ডিং এলাকাসহ সমগ্র ইউনিয়নে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে।
আসন্ন নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নাঙ্গলকোট থানা-পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী প্রার্থী ও স্থানীয় সচেতন মহল। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা না গেলে নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতের শঙ্কা করছেন এলাকাবাসী।
এসএইচ