ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনার মূল ডিলার হিসেবে চিহ্নিত মো. রায়হান আলী রানা (৪০) আত্মগোপনে রয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বাঘইল উত্তরপাড়ায় পিন্টুর মুদি দোকানের সামনে সড়কে অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিএনসি ঈশ্বরদী ‘খ’ সার্কেলের একটি দল।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে গ্রেপ্তার মাসুদ রানার তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত পলাতক রায়হান আলী রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে ডিএনসি ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, মাদকের বিস্তার রুখতে তাঁদের নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করে তিনি বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে এবং এলাকায় মাদকবিরোধী কঠোর পদক্ষেপ বজায় থাকবে।

এসএইচ