রাজশাহী: চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনকালে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য (গানার) তাসনিম রিফাতের মরদেহ তার গ্রামের বাড়ি রাজশাহীতে পৌঁছেছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পর সামাজিক ও সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রিফাতের মরদেহ প্রথমে রাজশাহী সেনানিবাসে নিয়ে আসা হয়। সেখান থেকে সড়কপথে মরদেহ পৌঁছায় তার জন্মস্থান পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে।
মরদেহ গ্রামে পৌঁছালে স্বজন ও গ্রামবাসীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এবং পরিবারের স্বজন ও হাজারো গ্রামবাসীর অংশগ্রহণে বাদ যোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাবশত ট্যাংকের ভেতরে একটি গোলা বিস্ফোরিত হয়। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের ১৫ স্বতন্ত্র সাঁজোয়া স্কোয়াড্রনের সদস্য সৈনিক তাসনিম রিফাত সহ ঘটনাস্থলেই দুইজন সেনা সদস্য প্রাণ হারান।
তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর এবার মাত্র ২৮ বছর বয়সী কর্মক্ষম ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন রিফাতের বাবা আসাদুল ইসলাম। মৃত্যুকালে স্ত্রী ও প্রায় আড়াই বছর বয়সী কন্যাসন্তান রেখে গেছেন এ সেনাসদস্য।
পিএস