কুমিল্লায় একরাতে কিশোর গ্যাংয়ের ৬২৪ সদস্য আটক

  • কুমিল্লা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লায় জেলার ১৮টি থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে এক রাতে কিশোর গ্যাং গ্রুপের ৬২৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করে পুলিশ।

তবে আটকের পর তাদের মধ্যে ১৭ জন পালিয়ে গেলেও স্থানীয়রা তাদের আটক করে ফের পুলিশে দিয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা লুৎফর রহমান।

পুলিশ জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিমের খুনের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরই পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকাসহ জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এবং বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোর গ্যাং গ্রুপের ৬২৪ সদস্যকে আটক করা হয়।

এদিকে বুধবার রাতে দাউদকান্দি থানায় আটকদের মধ্যে ১৭ জন থানা কক্ষের দরজা জানালা, চেয়ার টেবিল ভাঙচুর করে পালিয়ে যায়। তবে স্থানীয়রা তাদের আটক করে আবারও পুলিশে সোপর্দ করে।

অতিরিক্ত পুলিশ সুপারের লুৎফুর রহমান জানান, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে বুধবার রাতে জেলার ১৮টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৬২৪ জন সদস্যকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

পিএস