সেনবাগে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে এক রাতেই পৃথক দুটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র একটি বাড়ির টিনের চালা কেটে এবং অন্যটির গেট ও দরজার তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ল্যাপটপসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের মফিজের নতুন বাড়ি এবং ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের প্রবাসী সুজনের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দেবিসিংহপুর গ্রামের মফিজের নতুন বাড়ির সদস্যরা ঘরে না থাকার সুযোগে চোরচক্র সিঁড়িঘরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘর থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

অন্যদিকে, কেশারপাড় ইউনিয়নের প্রবাসী সুজনের পরিবারের সদস্যরা চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। এ সুযোগে চোরের দল বাড়ির গেট ও ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা, একটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন জানান, ঘটনার সময় দুটি বাড়িতেই কেউ ছিলেন না। সেই সুযোগটিই নিয়েছে চোরচক্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এসএইচ