আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার তরুণের রূপার পদক জয়

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

মালয়েশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডব্লিউআইসিই) ২০২৬’-এ সিলভার মেডেল (রৌপ্যপদক) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক ফিহা হুসাইন। সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্ষমতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উদ্ভাবন ‘সোলারইফিক্স’ (SolarEffix)-এর জন্য ‘অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ ক্যাটাগরিতে তিনি এ সাফল্য অর্জন করেন।

ফিহা হুসাইন পাবনা পৌর শহরের জেলাপাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন ও ফারজানা হোসেন দম্পতির সন্তান।

বাংলাদেশের বিদ্যুৎ সংকট নিরসন ও নবায়নযোগ্য জ্বালানির কথা মাথায় রেখে সোলারইফিক্স প্রজেক্টটি তৈরি করা হয়েছে। সাধারণত বড় সোলার ফার্মে ধুলাবালি, ছায়া, অতিরিক্ত তাপমাত্রা বা তারের ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফিহার এই প্রযুক্তি প্রতিটি সোলার প্যানেল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে, আগাম ত্রুটি শনাক্ত করে এবং সমাধানের সঠিক নির্দেশনা দেয়।

এর আগে দেশে জাতীয় পর্বে ২৫০টির বেশি উদ্ভাবনী প্রজেক্টের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হন ফিহা। এরপর বিভিন্ন বুট ক্যাম্প ও প্রশিক্ষণ শেষে গত ১৯ সেপ্টেম্বর তিনি মালয়েশিয়া যান।

মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চীন, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, কানাডা, থাইল্যান্ডসহ ১২টির বেশি দেশের ৪ শতাধিক প্রজেক্ট অংশ নেয়। সেখানে নিজস্ব ক্যাটাগরিতে প্রায় ৫০টি শক্তিশালী প্রজেক্টকে পেছনে ফেলে এই বিশেষ গৌরব অর্জন করেন পাবনার এই তরুণ।

বিশ্বমঞ্চে দেশের লাল-সবুজ পতাকা উঁচিয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন ফিহা হুসাইন। তিনি জানান, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত গর্বের। ভবিষ্যতে প্রযুক্তিটি আরও উন্নত করে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় অবদান রাখার ইচ্ছা রয়েছে তার। এই আন্তর্জাতিক অর্জন তিনি সমগ্র পাবনাবাসীকে উৎসর্গ করেছেন।

এসএইচ