কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাকিরপশা ইউনিয়ন পরিষদ চত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব মিয়া রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে।
চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য সামনের কয়েকটি গাছ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। গাছগুলো নিলামে বিক্রি করা হয়েছিল। বৃহস্পতিবার গাছ কাটার সময় শ্রমিকরা বৈদ্যুতিক করাত ব্যবহার করছিলেন।
তিনি আরও জানান, গাছ কাটার একপর্যায়ে বিপ্লব মিয়ার পা পিছলে যায়। এতে করাতের বৈদ্যুতিক তার ছিঁড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তাঁরা শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ