খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলায় বাড়ির সামনে চা খেতে বেরিয়ে দুর্বৃত্তদের গুলিতে মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নাসিমুল গণি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে জানিয়েছে পুলিশ। তিনি উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা সংলগ্ন ফায়ার সার্ভিস এলাকা ও নিজ বাড়ির সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববারে বেলা সাড়ে ১১টার দিকে নাসিমুল গণি বাড়ির সামনে চা খেতে বের হন। এ সময় একটি ভ্যানে করে দুজন ব্যক্তি সেখানে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম বলেন, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়।
নিহতের রাজনৈতিক পরিচয় এবং হত্যাকাণ্ডের পেছনের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
পিএস