স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়েছে: নাহিদ ইসলাম

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি, এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তার অধিকার ফেরত পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসেছে বিএনপি। এখন স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়েছে। তারা দেশ ধ্বংসের নীলনকশা করছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) শরীয়তপুর জেলা শাখা আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না। একসময় যারা অর্থ পাচার করেছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে। বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট তৈরি হওয়ায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে কোন কার্যকর ভূমিকাই রাখতে না। 

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে আইন ও বিধিবিধান অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনসাধারণের কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা, সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্য সচিব ঋজু মোর্শেদ এবং বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা।

পিএস