রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছে উপজেলা প্রশাসন। এর প্রতিবাদে নয়, বরং ঘটনার নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে ইউএনও কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা।
এর আগে সোমবার (১২ অক্টোবর) রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলাটি করা হয়। উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।
সমাবেশে বিএনপি নেতারা ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি প্রশাসনের কাজে সহযোগিতা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দলবদ্ধভাবে চাপ সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, আইন লঙ্ঘনের অভিযোগ উঠলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
সমাবেশে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাঁদের ভাষায়, পলাতক ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও তোলেন বিএনপি নেতারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দলগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
সমাবেশে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব, সহসভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু। এ ছাড়া রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, জেলা যুবদলের সদস্য ডালিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্যসচিব বাবু, কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশি ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরসালান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্যসচিব কাওসারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যেভাবে ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা গেছে, সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘন ও দলীয়করণের অভিযোগ তুলে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের অপসারণ দাবিতে কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয় বলে জানা গেছে। ভোগান্তিতে পড়েন বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষও।
আন্দোলনকারীদের অভিযোগ, সার ডিলার নিয়োগে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলা করা হয়েছে।
সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা এবং কারা কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন, তা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এদিকে মামলা ও পাল্টা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গোদাগাড়ীতে স্থানীয় পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
পিএস