পাথরঘাটায় চাঁদাবাজ থাকবে, না হলে ওসি থাকবেন: চিফ হুইপ

  • পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি : প্রতিনিধি

পাথরঘাটা: বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, দখলদারি, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, পাথরঘাটায় কোনো চাঁদাবাজ ও দখলদারের স্থান হবে না। চাঁদাবাজির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাংসহ এসব অপরাধ নির্মূল করতে হবে বলেও প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) সংসদীয় আসনে সাত দিনের সফরের তৃতীয় দিনে পাথরঘাটা উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, পাথরঘাটায় চাঁদাবাজ থাকবে, না হলে ওসি থাকবেন। তাঁর এ বক্তব্যের মধ্য দিয়ে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর বার্তা দেন তিনি।

চিফ হুইপ আরও বলেন, উপকূলীয় মানুষের উন্নয়নে তিনি কাজ করছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন। বরগুনা-২ আসনকে ঘিরে তাঁর উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ আসন নিয়ে তাঁর এমন কিছু পরিকল্পনা রয়েছে, যা মানুষ এখনো কল্পনাও করেননি।

সফরকালে তিনি পাথরঘাটা উপজেলা পরিষদে সালামি মঞ্চ এবং সংসদ সদস্যদের জন্য নির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন। পরে উপজেলার ৪৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা ও এক টন চাল সহায়তা দেন। পাশাপাশি নিখোঁজ তিন জেলে পরিবারে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা চেক বিতরণ করেন। 

পিএস