ঢাকা: কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির যাত্রীরা।
এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর।
তিনি বলেন, “লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু করা সম্ভব হবে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ওসি রাজিব আরও বলেন, “এ ঘটনায় কোনো হতাহতের খবর আমরা পাইনি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।”
পিএস