নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার মামলায় সাজিবুল ইসলাম অপূর্ব নামে এক আসামিকে পুলিশ গ্রেপ্তারের পর এবার অন্যতম সন্দেহভাজন আসামি আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরো এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪ এর অধিনায়কের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গন দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার বাসিন্দা শাহিন মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে তিনি জানানো হয়, মঙ্গলবার (২০ অক্টোবর) দিনগত রাত পৌনে বারোটার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল ‘রুপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। এর পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ পরিচালনা করে সীমান্ত এলাকার নেতিবাচক কর্মকাণ্ডের ওপর অনুসন্ধানী সংবাদ প্রচার করতেন।
এর আগে, গত ১৫ অক্টোবর রাত পৌনে আটটার দিকে স্থানীয় একটি মুদি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তার ওপর গুলি করে। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই এসআরবি-১৪ ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা বাড়ায়। এই হত্যা মামলায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে এসআরবি-১৪-এর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
পিএস