রাজশাহীতে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও রোগীদের হুইলচেয়ার বিতরণ

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও অসহায় রোগীদের চলাচলের সুবিধার্থে সাতটি হুইলচেয়ার বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এসব হুইলচেয়ার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।

উপকারভোগীদের মধ্যে রয়েছেন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান ও হাবিবুর রহমান, শয্যাশায়ী রোগী মোছা. আম্বিয়া বেগম এবং প্রতিবন্ধী শিশু রাইহান মাহমুদসহ মোট সাতজন।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা বলেন, প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, অসহায় রোগী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। একটি হুইলচেয়ার শুধু চলাচলের উপকরণ নয়, এটি মানুষের স্বাভাবিক জীবনযাপন ও আত্মনির্ভরশীলতা বাড়াতেও সহায়তা করে।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে রাজশাহী জেলা পরিষদ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে চায়। বিতরণ করা হুইলচেয়ারগুলো উপকারভোগীদের দৈনন্দিন চলাচল সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার চৌধুরী, সহকারী প্রকৌশলী মো. আল আমিন মল্লিক, প্রধান সহকারী এস এম আল মতিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এসএইচ