সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: দেলাওয়ার হোসেন

  • ঠাকুরগাঁও প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১০:১০ এএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন। তবে নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ ফলাফল মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, ‘ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব। তবে মাগুরা মার্কা নির্বাচন হলে জনগণ ফলাফল মেনে নেব না।’ এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছেন ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের থাকার কথা রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন এবং হিজড়া ভোটার চারজন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি জানান, ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে গণনা শুরু হবে এবং সেখানেই ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল সংগ্রহ ও পরিবেশনের জন্য জেলা শিল্পকলা একাডেমিতে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

এম