রূপপুরের দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী:পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেট প্ল্যান্টে তৈরি এসব জ্বালানি বিশেষ কার্গো বিমানে বাংলাদেশে আনা হয়েছে। প্রকল্প এলাকায় পৌঁছানোর পর জ্বালানির কন্টেইনারগুলো নির্ধারিত সংরক্ষণাগারে রাখা হয়েছে।

রিঅ্যাক্টরে ব্যবহারের আগে প্রতিটি জ্বালানি অ্যাসেম্বলির কারিগরি অবস্থা পরীক্ষা করা হবে। বাংলাদেশ, প্রকল্পের সাধারণ ঠিকাদার ও জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ কমিশন এ পরীক্ষা করবে। পুরো প্রক্রিয়ায় পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তাবিধি অনুসরণ করা হবে।

এদিকে, প্রথম ইউনিটের আসন্ন রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় নতুন জ্বালানিও বাংলাদেশে পৌঁছেছে। প্রথম জ্বালানি চক্র শেষ হওয়ার পর ইউনিটটিতে রিফুয়েলিং করা হবে।

রোসাটমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে প্রাথমিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়। চলতি মাসে রিঅ্যাক্টরটি সর্বনিম্ন নিয়ন্ত্রণযোগ্য শক্তিস্তরে পৌঁছেছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে ধাপে ধাপে শক্তি বাড়িয়ে পরীক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

উল্লেখ্য, রাশিয়ার নকশায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি প্রজন্ম-৩+ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে। কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির প্রধান ডিজাইনার ও ঠিকাদার হিসেবে কাজ করছে রোসাটমের প্রকৌশল বিভাগ।

পিএস