পদ্মা সেতুর এক্সপ্রেস সড়কে দুই দুর্ঘটনা, চালকসহ নিহত ২

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: পদ্মা সেতুর জাজিরা প্রান্তের এক্সপ্রেস সড়কের নাওডোবা বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হন। এর এক দিন পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারান এনা পরিবহনের চালক। এ দুই দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্ডা এলাকার মৃত মজিদ ফকিরের স্ত্রী শুকুরজান বিবি (৬৫) এবং পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া এলাকার ছাত্তার হাওলাদারের ছেলে এনা পরিবহনের চালক নজরুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে নাওডোবা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ভাঙ্গাগামী লেনে পদ্মা সেতু এক্সপ্রেস সড়ক পার হচ্ছিলেন শুকুরজান বিবি। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এর এক দিন পর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে একই এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। নাওডোবা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় এনা পরিবহনের একটি বাস। এতে এনা পরিবহনের চালক নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস দুটি নিজেদের হেফাজতে নেয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। ভুক্তভোগীদের পরিবার মামলা করলে তা গ্রহণ করা হবে। পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পিএস