ছেলের এইচএসসি পাসের পর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত

ছেলের এইচএসসি পাসের খবর ফেসবুকে ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সদ্য সাবেক জেলা সভাপতি শাহজাহান খানের ছেলের এই পরীক্ষার ফলাফল সামনে আসার পর কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্ত গ্রহণ করে।

রোববার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। খুব শিগগিরই এই দুই ইউনিটের নতুন কমিটি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

জানা গেছে, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ দিন পার হলেও জেলায় আর কোনো নতুন কমিটি গঠন করা হয়নি।

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পাস করেন জেলা সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের এই সাফল্য ও কৃতকার্য হওয়ার খবর পেয়ে আনন্দিত বাবা শাহজাহান খান তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবিসহ একটি পোস্ট করেন। 

ক্যাপশনে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভ কামনা রইল বাজান। সামাজিক মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং এর পরপরই কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির পদক্ষেপ নেয়।

এসএইচ