মাদক ব্যবসার ডিলার এখন বিএনপির নেতাকর্মীরা: শিবির সভাপতি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৫:২৮ পিএম
ফাইল ছবি

বর্তমান সময়ে মাদক ব্যবসার ডিলার হিসেবে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি জানান, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী মাদকসহ গ্রেপ্তার হয়েছেন এবং অনেকেই দল থেকে বহিষ্কৃত হয়েছেন। কড়া পাহারার মধ্যেও সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করার পেছনে বিজিবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশ জড়িত থাকতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট সরকারি কলেজ শাখা শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মাদক নির্মূলে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে উল্লেখ করে শিবির সভাপতি বলেন, সুকৌশলে আধিপত্য বিস্তারের জন্য তরুণ প্রজন্মকে মাদকে বুঁদ করে দলীয় সংকীর্ণ এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। তরুণ প্রজন্ম মাদকে আসক্ত হলে আগামীর বাংলাদেশ হুমকির মুখে পড়বে মন্তব্য করে তিনি সরকারের প্রধান ব্যক্তিত্বকে এসব বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান।

মাদক সিন্ডিকেটের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, লালমনিরহাটের মতো সীমান্ত এলাকা ছাড়াও মিয়ানমার ও ভারত থেকে ইয়াবা এবং আইসের মতো মরণঘাতী মাদক দেশে ঢুকছে। মূল ডিলারদের না ধরে কেবল খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মাদক সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে ঢাকায় সাবেক প্রতিমন্ত্রী ইশরাক মাদকের বিরুদ্ধে আগ্রাসী অভিযান পরিচালনা করার পরদিনই তাকে পদ হারাতে হয়েছে।

অনুষ্ঠানের স্থান নির্ধারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, প্রোগ্রামটি লালমনিরহাট সরকারি কলেজ হলরুমে হওয়ার কথা থাকলেও প্রশাসন অনুমতি দেয়নি। বিএনপি সব জায়গায় নোংরা রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু, জেলার সাবেক আমির আতাউর রহমান, লালমনিরহাট জেলা শিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী ও লালমনিরহাট সরকারি কলেজ শিবিরের সভাপতি হাফিজুর রহমানসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএইচ