ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়া ব্রিক ফিল্ড (কেবিএফ) নামের একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল মাহমুদ ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা।
অভিযানকালে কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, পরিবেশের ক্ষতি করার দায়ে ইটভাটাটির চিমনি ও চুলা ভেঙে পুরোপুরি অকার্যকর করে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ