রূপগঞ্জে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকায় আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন এবং সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কর্মসূচিতে শিক্ষার্থী ও স্থানীয় নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন পূর্ববর্তী নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আমির হামজা। সভায় বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফ, রূপগঞ্জ উপজেলা যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সান অপু ও যুবদল নেতা মামুন হাসান অভি।

সভায় বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকাটি কৃষিনির্ভর। এখানকার কৃষকদের চরম ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে কৃষিজমিতে যাওয়া-আসা করতে হয়। এ ছাড়া স্থানীয় সমাজসেবামূলক কাজে ও নীলভিটা কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়ার সময়ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তাই স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে নীলভিটা এলাকায় অবিলম্বে আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় কঠোর অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

পরে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিলে দুপুর একটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে অবরোধ চলাকালে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এসএইচ