নওগাঁ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন একটি সীমান্ত ফাঁড়ি (বিওপি) স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জেলার সাপাহারের নব আদাতলা নামক স্থানে নতুন এই বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের।
অনুষ্ঠানে বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন এবং ১৬ ব্যাটালিয়ন নওগাঁ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১১৫ কিলোমিটার সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপিত নব আদাতলা বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থান গ্রহণ করে দায়িত্ব পালন করছে। সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে বিজিবি জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নব আদাতলা বিওপি স্থাপনের মাধ্যমে সীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসএইচ