চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাঁচ কিলোমিটার এলাকায় নেই বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান, ঝুঁকিপূর্ণ পরিবেশে পড়ছে ১২০ শিশু; পুরো গ্রামজুড়েই আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস।
সকালে বই-খাতা হাতে বিদ্যালয়ে আসে শিশুরা। কারও স্বপ্ন বড় হয়ে শিক্ষক হওয়ার, কেউ হতে চায় চিকিৎসক, আবার কেউ স্বপ্ন দেখে বড় কোনো কর্মকর্তা হওয়ার। কিন্তু যে বিদ্যালয়ে এসে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার কথা, সেই বিদ্যালয়েই প্রতিদিন কাটছে নানা প্রতিকূলতার মধ্যে। তৃষ্ণা পেলে নিরাপদ পানির অভাবে ড্রেনের পানি পান করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। জরাজীর্ণ ভবন, ভাঙাচোরা শ্রেণিকক্ষ, বিদ্যুৎ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান।
এমন চিত্র চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামের বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। নানা সংকটের মধ্যেও বিদ্যালয়টি টিকিয়ে রাখতে কোনো বেতন-ভাতা ছাড়াই নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন পাঁচ শিক্ষক।
বিদ্যালয়টির ভবনটি মাটির দেয়ালে তৈরি। মাথার ওপর মরিচা ধরা টিনের চালা, কোথাও কোথাও রয়েছে অসংখ্য ছিদ্র। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষের ভেতরে পানি পড়ে। পর্যাপ্ত বেঞ্চ ও শিক্ষা উপকরণ না থাকায় একই কক্ষে একাধিক শ্রেণির শিক্ষার্থীকে বসিয়ে চলছে পাঠদান। নেই বিদ্যুৎ সংযোগ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। সবচেয়ে উদ্বেগের বিষয়, বিদ্যালয়ে নেই নিরাপদ পানির ব্যবস্থা। ফলে তৃষ্ণা মেটাতে শিক্ষার্থীদের ড্রেনের পানি পান করতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে ‘বড়াইল মিশন স্কুল’ নামে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে মিশনারিরা চলে গেলে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে নতুন নামে আবারও চালু হয় বিদ্যালয়টি। এরপর থেকে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই চলছে পাঠদান।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়টি যে বড়াইল গ্রামে অবস্থিত, সেই গ্রামজুড়েই মূলত আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। এখানকার অধিকাংশ পরিবারই আর্থিকভাবে অসচ্ছল। এসব পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা এই প্রতিষ্ঠান। আশপাশের সাত-আটটি গ্রামের শিশুরাও এখানে পড়াশোনা করতে আসে। বিদ্যালয়টির প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নেই বিকল্প কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। স্থানীয়দের মতে, বিদ্যালয়টি না থাকলে বিশেষ করে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের অনেক শিশুই প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বে।
শুধু বিদ্যালয়ের ভেতরেই নয়, যাতায়াতের পথেও রয়েছে দুর্ভোগ। কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে অনেক শিক্ষার্থীর নিয়মিত বিদ্যালয়ে আসা কঠিন হয়ে যায়।
এতসব সংকটের মধ্যেও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যালয়টি চালু রেখেছেন পাঁচ শিক্ষক। কোনো ধরনের বেতন-ভাতা ছাড়াই তাঁরা নিয়মিত পাঠদান করছেন। নিজেদের শ্রম, সময় ও আন্তরিকতায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তাদের বিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। বিদ্যালয়ে পড়াশোনা করার সময় তৃষ্ণা পেলে বাধ্য হয়ে ড্রেনের পানি পান করতে হয়। এতে অসুস্থ হওয়ার ভয় থাকে। বিদ্যালয়ের ভবনটিও অনেক পুরোনো ও জরাজীর্ণ। বৃষ্টি হলে ছাদের ছিদ্র দিয়ে শ্রেণিকক্ষের ভেতরে পানি পড়ে। তখন ঠিকমতো ক্লাস করা যায় না। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় অনেক সময় গাদাগাদি করে বসতে হয়। বিদ্যালয়ে বিদ্যুৎ ও ভালো শৌচাগারের ব্যবস্থাও নেই।
শিক্ষার্থীরা আরও জানায়, এত সমস্যা থাকার পরও তারা নিয়মিত বিদ্যালয়ে আসে এবং পড়াশোনা করে। তাদের শিক্ষকেরা অনেক কষ্ট করে বিনা বেতনে পড়ান। তারা চায়, বিদ্যালয়টিতে দ্রুত নতুন ভবন নির্মাণ করা হোক, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক এবং পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হোক। বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে বলে তাদের আশা। বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখে তারা। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মন জানান, নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও তাঁরা বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোনো বেতন-ভাতা ছাড়াই শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিশুদের পাঠদান করছেন। কিন্তু জরাজীর্ণ ভবন, নিরাপদ পানির অভাব, পর্যাপ্ত শিক্ষা উপকরণ ও অন্যান্য সুযোগ-সুবিধার সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি স্বীকৃতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিদ্যালয়টির সরকারি স্বীকৃতি ও অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও ভালো হবে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদেরও কাজের স্বীকৃতি মিলবে বলে আশা তাঁর।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, বিদ্যালয়টির দুরবস্থার বিষয়টি তাঁরা জেনেছেন। সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করা হবে। শিক্ষার্থীদের নিরাপদ পানির সংকট, জরাজীর্ণ ভবনসহ বিভিন্ন সমস্যার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে শিশুদের নিরাপদ ও সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে তাঁরা কাজ করবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তাঁরা সরেজমিনে পরিদর্শন করেছেন। বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যা রয়েছে। বিশেষ করে জরাজীর্ণ ভবন, শ্রেণিকক্ষের সংকট, নিরাপদ পানির অভাবসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এসব বিষয় তাঁদের নজরে এসেছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়টির বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পাঠদানের উপযুক্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়টির সরকারি স্বীকৃতির বিষয়টি সংশ্লিষ্ট নীতিমালা ও বিধিবিধান অনুযায়ী বিবেচনা করতে হবে। তাঁরা চান, এলাকার কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। এ জন্য বিদ্যালয়টির সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা থাকবে।
স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা, নতুন ভবন নির্মাণ, স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন এবং বিদ্যালয়টির সরকারি স্বীকৃতির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিনা বেতনে পাঠদান করা শিক্ষকদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে পুরো গ্রামজুড়ে বসবাসকারী আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়টির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
যে বয়সে শিশুদের হাতে থাকার কথা বই-খাতার পাশাপাশি নিরাপদ পানির গ্লাস, সেই বয়সে তাদের তৃষ্ণা মেটাতে হচ্ছে ড্রেনের পানিতে। যে শ্রেণিকক্ষে নিরাপদ পরিবেশে পাঠ নেওয়ার কথা, সেখানে প্রতিদিন ঝুঁকি নিয়েই বসতে হচ্ছে তাদের। তবু থেমে নেই তাদের বিদ্যালয়ে আসা, থেমে নেই পাঁচ শিক্ষকের পাঠদান। আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বড়াইল গ্রামের এসব শিশুর চোখেও রয়েছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। এখন প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ, যাতে অবহেলা আর অব্যবস্থাপনায় হারিয়ে না যায় তাদের শিক্ষার স্বপ্ন।
পিএস