পুত্রবধূকে কন্যা সাজিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা, বরখাস্ত দলিল লেখক

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি : প্রতিনিধি

লালমনিরহাট: জাল জালিয়াতির মাধ্যমে পুত্রবধূকে নিজের কন্যা সাজিয়ে জমি রেজিস্ট্রি (হেবা দলিল) করার সময় লেখক মোশাররফ হোসেন শিমুল নামে এক দলিল লেখল ধরা পড়েছে। এ ঘটনায় ওই দলিল লেখককে ১৫ দিনের জন্য বরখাস্ত করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন সাব রেজিস্ট্রার। সোমবার (৯ নভেম্বর) লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে এ  ঘটনা ঘটে। দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ কর্তৃক এ ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার দুইদিন পর ঘটনা জানাজানি হয়।

জানা গেছে, উপজেলার কাকিনা ইউনিয়নের তালুক বানীনগর মৌজার জমি হেবা দলিল অনুমোদনের জন্য কাগজপত্র নিয়ে ওই সাব-রেজিস্ট্রি অফিসে যায় দলিল লেখক মোশাররফ হোসেন শিমুল। এসময় সহযোগিতার জন্য তার সঙ্গে ছিলেন দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক। মূলত সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে জমিদাতা শ্বশুর তার ছেলের বউকে (পুত্রবধূ) নিজের ঔরসজাত কন্যা পরিচয় দিয়ে হেবা দলিলটি সম্পাদনের চেষ্টা করে। কিন্তু সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হকের জেরার মুখে তাদের এই জালিয়াতি ধরা পড়ে।

জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাব-রেজিস্ট্রার তাৎক্ষণিকভাবে দলিলটি জব্দ করে নিজের হেফাজতে নেন। এ ঘটনার পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযুক্ত দলিল লেখক মোশাররফ হোসেন শিমুলকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে দলিল লেখক সমিতির নেতাদের অসৎ অনুরোধে তাকে মাত্র ১৫ দিনের জন্য বরখান্ত করা হয় এবং সাব-রেজিস্ট্রি অফিসে প্রবেশ এবং দলিল সম্পাদন কার্যক্রমে অংশ নিতে নিষেধ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, ‌‘অফিস শেষে আমি যখন বাসায় যাচ্ছিলাম, তখন স্যারের (সাব-রেজিস্ট্রার) সঙ্গে দেখা করতে তার রুমে যাই। ওই সময়ই সমিতির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ শিমুল একটি দলিল নিয়ে আসেন। স্যার তথ্য যাচাই করতে গিয়ে বুঝতে পারেন দলিলটি জাল।’

তিনি আরও বলেন, ‘আমি সমিতির সাধারণ সম্পাদক, সবাইকে নিয়েই চলতে হয়, তাই স্যারকে অনুরোধ করে বললাম, ভুল করেছে, তাকে ক্ষম করে দেন।  দলিল লেখক ছোট মানুষ, জুনিয়র, তাই এই ভুল হয়েছে।’

তবে ২০১১ সালে লাইসেন্সপ্রাপ্ত একজন দলিল লেখক কীভাবে ‘জুনিয়র’ হন!  এনিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে সরেজমিন ওই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, কারণ দর্শানোর নোটিশ ও অফিসে আসার নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্যের লাইসেন্স ব্যবহার করে দলিল সম্পাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে অভিযুক্ত মোশাররফ হোসেন শিমুল।

এসময় অভিযুক্ত দলিল লেখক মোশাররফ হোসেন শিমুল নিজের দায় সহকারীর ওপর চাপিয়ে জানান, ‘আমার ভুল হয়েছে। তবে দলিলটি যে লিখেছে, সে আমার সহকারী। ভুলটা সে-ই করেছে।’ তবে জালিয়াতি করে রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন।

কালিগঞ্জ রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হক বলেন, ‘পুত্রবধূকে মেয়ে সাজিয়ে জমির দলিল করার জন্য আমার কাছে উপস্থাপন করা হয়েছিল। আমি যখন দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ করি, তখন জানতে পারি তারা বাবা-মেয়ে নন। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর দলিলটি জব্দ করে ওই দলিল লেখককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। পাশাপাশি  তাকে ১৫ দিনের জন্য দলিল সম্পাদন কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করেছি।’  শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

পিএস