শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি-বাল্কহেড সংঘর্ষে শিশু নিহত

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: শরীয়তপুর-চাঁদপুর নৌপথে বালুভর্তি বাল্কহেডের সঙ্গে ফেরির সংঘর্ষে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে মেঘনা নদীর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুলের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়। সে পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে ডামুড্যার গ্রামের বাড়িতে ফিরছিল। দুর্ঘটনায় আহত দুই শিশুকে চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদপুরের হরিণা ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে কাকলি নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাল্কহেড ও যানবাহনের মাঝখানে চাপা পড়ে তিন শিশু। ঘটনাস্থলেই শিশু তরিকুলের মৃত্যু হয়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পাড়ি দিয়ে একটি চরের পাশ দিয়ে চলছিল। এ সময় পাশ দিয়ে কয়েকটি বালুভর্তি বাল্কহেড যাচ্ছিল। এর মধ্যে দ্রুতগতির একটি বাল্কহেড চলন্ত ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং তিন শিশু চাপা পড়ে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত দুজনকে অন্য নৌযানের সহায়তায় দ্রুত চাঁদপুরে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশু পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে ডামুড্যার গ্রামের বাড়িতে ফিরছিল। তারা খুলনাগামী একটি বাসের যাত্রী ছিল।

এদিকে দুর্ঘটনার পর বালুভর্তি বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিককে আটক করা হয়েছে। পাশাপাশি ফেরির চালককেও আটক করা হয়েছে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর বালুভর্তি নৌযানটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে নৌ-পুলিশ সদস্যরা বাল্কহেডটি জব্দসহ এর দুই শ্রমিককে আটক করেন। ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

পিএস