কলেজে উন্নীত হচ্ছে হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

  • নেত্রকোনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৮:১০ পিএম
ছবি : প্রতিনিধি

নেত্রকোনা: দীর্ঘদিন পরে হলেও অবশেষে কলেজে উন্নীত হতে যাচ্ছে বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। শুক্রবার (১৩ নভেম্বর) হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটি আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি রফিকুল ইসলাম হিলালী। এমন সুসংবাদে খুবই আনন্দিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী।

সংসদ সদস্য বলেন, আমরা আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা হুমায়ূন আহমেদের স্বপ্নের এ প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হওয়ার সুসংবাদ পাবো ইনশাআল্লাহ।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম রেজাউল করিম খান, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, সান্দিকোনা উচ্চমাধ্যমিক (স্কুল এন্ড কলেজ) বিদ্যালয়ের সভাপতি জাহানা আফরোফ মুন মুন প্রমুখ। 
 
হুমায়ূন আহমেদ তাঁর নিজ গ্রাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে ১৯৯৬ সালে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। তারপর মেহের আফরোজ শাওনের করা নকশায় স্কুল ভবন নির্মাণ শেষে ২০০৬ সালে শুরু করা হয় পাঠদান কার্যক্রম। শুরু থেকেই স্কুলটি শতভাগ ফলাফল অর্জন করে আসছে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল স্কুলটি একদিন কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে। শহরের ছেলেমেয়েরাও এখানে লেখাপড়া করতে আসবে। কিন্তু স্বপ্নপূরণের আগেই তিনি না ফেরার দেশে পারি জমান। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে এবার এগিয়ে এসেছেন স্থানীয় সংসদ সদস্য। এমপির এমন উদ্যোগে খুবই খুশি এলাকাবাসী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, এমপি মহোদয় খুব আন্তরিক মানুষ। তিনি নিজে অনেক দৌড়াদৌড়ি স্কুলটির সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্য মহোদয়সহ জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

স্থানীয়রা জানান, সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী মহোদয়ের প্রচেষ্টায় স্কুলটি কলেজে উন্নীত হলে একধাপ পূরণ হবে প্রয়াত হুমায়ূন আহমেদ স্যারের স্বপ্ন।

এদিকে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া উপজেলা সদরে শুক্রবার বিকেলে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে চর্চা সাহিত্য আড্ডার ৫২৮তম সাপ্তাহিক আসর 'কুতুবপুরের ভাইসাব' শিরোনামে অনুষ্ঠিত হয়। এতে কবি ও সাংবাদিক শাহ মোহাম্মদ আবু হারেছের সভাপতিত্বে ও রহমান জীবনের সঞ্চালনায় আলোচনা করেন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, আবুল কাশেম আকন্দ, কবি জহিরুল হক খান, কবিতা পাঠ করেন, কবি মাহবুবা খান দীপান্বিতা, আশরাফ উদ্দিন ভূইয়া, হীরন আকন্দ, তৌকীর তুষার, গান পরিবেশন করেন, বাউল শিল্পী মুকুল সরকার ও হৃদয় হাসান।

এছাড়া সকালে নেত্রকোনা জেলা শহরে হিমু পাঠক আড্ডার আয়োজনে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। 

পিএস