পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বিষয়টি আজ মঙ্গলবার (১৭ নবেম্বর) সকালে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন ইউএনও হাসিবুল হাসান।
সোমবার সন্ধ্যায় উপজেলার রিজার্ভ পুকুর পাড়ে অবস্থিত ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বনি আমিন।
[278767]
অভিযানে কোনো বৈধ ডিগ্রি ছাড়াই চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার প্রমাণ পাওয়ায় মো. নাঈমুর রহমান (২৬) নামের ওই ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় জরিমানার টাকা পরিশোধ করায় তিনি কারাদণ্ড থেকে অব্যাহতি পান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রিজার্ভ পুকুর পাড় সংলগ্ন এলাকায় অবস্থিত গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স হালনাগাদ থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করা হয়নি বলে দেখা যায়।
পরে সেবা প্রদানকারী চিকিৎসকদের তথ্য যাচাইকালে প্রতিষ্ঠানটির পরিচালক জানান, ঢাকা থেকে চিকিৎসকেরা অনলাইনে রোগী দেখেন। তবে চিকিৎসকদের কোনো তথ্য দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি থেকে সেবা নেওয়া একজন রোগীকে ফোন করা হয়। ওই রোগী জানান, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সহকারী মো. নাঈমুর রহমান তাকে চিকিৎসা দিয়েছেন।
এরপর বৈধ ডিগ্রি ছাড়া চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার প্রমাণ পাওয়ায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২২ ধারায় নাঈমুর রহমানকে ওই দণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রকে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান বলেন, চিকিৎসা সেবা প্রদানে বৈধ কাগজপত্র ছাড়া চোখের মত সংবেদনশীল অঙ্গের চিকিৎসা প্রদান করায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের একজন ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে ও একই সাথে কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রকে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।
এসআই