সেই ইতি পেলেন তিনশ‍‍` বিয়ের প্রস্তাব

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১২:৩৬ পিএম
ফাইল ছবি

বরিশাল: সন্তান না হওয়ার কারণে সাত বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটা ইতি আক্তারকে বিয়ে করার জন্য দেশ ও বিদেশ থেকে তিনশ' ছেলে প্রস্তাব দিয়েছেন। কিন্তু নতুন করে বিয়ের কথা না ভেবে ইতি আক্তার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে।

সূত্রমতে, বিগত সাত বছর আগে পারিবারিকভাবে রনি খান নামের এক যুবকের সাথে ইতি আক্তারের বিয়ে হয়েছিলো। কিন্তু এই দীর্ঘ সময়ে সন্তান না হওয়াকে কেন্দ্র করে একসময় স্বামীর সংসারে অশান্তি বাড়তে থাকে। ইতি আক্তার জানিয়েছেন, সন্তান না হওয়ার কারণে শ্বশুরবাড়িতে তাকে মানসিক নির্যাতন, অপমান ও নানা কটূক্তির শিকার হতে হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় দুই থেকে আড়াই মাস তাকে একা থাকতে হয়েছে।

সংসারটি বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে স্বামীর কাছে আরও ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কান্নাকাটি করে সংসার না ভাঙার অনুরোধও করেছিলেন। কিন্তু কোনো কিছুতেই স্বামী রনি খানের মন গলাতে পারেননি ইতি। শেষপর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সোমবার (১৬ নভেম্বর) নিজের জীবনের এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইতি আক্তার।

[278768]

মেয়ের সংসার টিকিয়ে রাখতে কম চেষ্টা করেননি বাবা রিকিব আলী সরদার। মেয়ের সুখের কথা চিন্তা করে জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া এমনকি গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন তিনি। সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে মেয়ের ছোটখাটো আবদারও পূরণ করেছেন। শিশু বয়সে মা হারা মেয়ে ইতির মুখে হাসি ফোটাতে নিজের কষ্টের কথা কখনো ভাবেননি এই বাবা।

তবে এত চেষ্টা করেও মেয়ের সংসার রক্ষা করতে না পারার কষ্ট এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। বর্তমানে তার একটাই চাওয়া, মেয়ে যেন নিজের যোগ্যতায় সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।

ইতি আক্তার জানিয়েছেন, বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন মাধ্যমে তার কাছে বিয়ের প্রস্তাব আসছে। ভাইয়ের মাধ্যমে এবং পরিচিতজনদের যোগাযোগে এখন পর্যন্ত তিন শতাধিক প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই নতুন নতুন প্রস্তাব নিয়ে ফোন আসছে। কিন্তু এই মুহুর্তে বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

ইতির মতে, অতীতের মানসিক কষ্ট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় প্রয়োজন। ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাইবো যিনি ভালো মনের অধিকারী হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নেবেন। এ নিয়ে যেন তাকে কোনো ধরনের চাঁপ কিংবা অপমানজনক কথার মুখোমুখি হতে না হয়। ইতির প্রধান লক্ষ্য একটি চাকরি কিংবা উপার্জনের ব্যবস্থা করা। নিজের দায়িত্ব নিজেই নিতে চান তিনি। নতুন করে জীবন সাজাতে সরকার ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতাও চেয়েছেন এই নারী।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে বাবা রিকিব আলী সরদার বলেন, মেয়ের সংসার সুখের করতে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া এবং গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছি। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়ার পরেও সন্তান না হওয়ার কারণে মেয়েকে সংসার ছাড়তে হয়েছে। এখন সরকারের কাছে আবেদন, মেয়ের জন্য একটি চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে।

ইতির এই পরিস্থিতিতে কষ্ট পেয়েছেন তার সহপাঠীরাও। সহপাঠী সোহাগ হোসেন বলেন, ইতি তাদের ছোটবেলার সহপাঠী। তার জীবনে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সন্তান না হওয়ার দায় কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহায়তা করা সবার দায়িত্ব।

উল্লেখ্য, অতিসম্প্রতি ইতি আক্তারের বিবাহ বিচ্ছেদের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে মুহুর্তের মধ্যে নেট দুনিয়ায় তা ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, ইতি আক্তার তার সংসার টিকিয়ে রাখতে এবং তালাক না দিতে স্বামীর পা জড়িয়ে ধরে বারবার অনুরোধ করছেন। কিন্তু স্বামী রনি খান তার সিদ্ধান্তে অটল থাকে। ফলে শেষপর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় ইতি ও রনির সাতবছরের দাম্পত্য জীবনের।

এসআই