কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং কোট-প্যান্টের থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

গত বুধবার সন্ধ্যা ও রাতে জেলার দুটি সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। এর মধ্যে একটি অভিযান পরিচালিত হয় রামখানা বিওপির আওতাধীন নাখারগঞ্জ বাজার এলাকায় এবং অপর অভিযানটি চালানো হয় অনন্তপুর বিওপির আওতাধীন অনন্তপুর এলাকায়। পৃথক এই দুই অভিযানে ৩৩টি ভারতীয় শাড়ি, ২৪টি ভারতীয় জর্জেট শাড়ি, কোটের ৭২০ মিটার থান কাপড় এবং প্যান্টের ৩৬ মিটার থান কাপড় জব্দ করা হয়।

সীমান্ত পথে অবৈধ পণ্য পাচার ও চোরাচালান রোধে বিজিবির এই তৎপরতা চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযান ও জব্দকৃত মালামালের বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং অবৈধ পণ্য আনা-নেওয়া বন্ধে বিজিবির এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএইচ