গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরদিন উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরে পৌঁছেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় রোহিঙ্গারা তাঁকে স্বাগত জানান। সফরে তাঁর শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার কথা রয়েছে।
আদালতের রায়কে নিজেদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তবে আইনি স্বীকৃতির পাশাপাশি তাঁদের কাছে এই রায়ের সবচেয়ে বড় প্রত্যাশা নিজ দেশে ফেরার পথ খুলে যাওয়া।
সাক্ষাতে নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন রোহিঙ্গারা।
রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়। বরং এটি দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির অবসানের সম্ভাবনার সঙ্গে জড়িয়ে থাকা এক নতুন প্রত্যাশা। তাঁদের বিশ্বাস, এই রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে। তবে নিজ দেশে ফিরতে হলে নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে বলে মনে করেন তাঁরা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর কক্সবাজার সফরের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমন এক সময়ে তাঁর এই সফর হচ্ছে, যখন গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া মামলাটি দায়ের করে। রায়ের পরদিন জাতিসংঘের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার প্রধানের রোহিঙ্গা শিবির পরিদর্শনকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাঁদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য তাঁরা কৃতজ্ঞ। কিন্তু তাঁরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চান না। আইসিজের রায় তাঁদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের পথকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা আশা করেন।
কিন মং আরও বলেন, তাঁদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং বলেন, খলিলুর রহমান আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে তাঁরা আশা করছেন।
কিন মংয়ের ভাষায়, রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। কারণ, নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়াই তাঁদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা।
এসএইচ