বরগুনা: উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, নদীভাঙন, জলাবদ্ধতা ও স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার, ব্যয় সাশ্রয় এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে উপকূলীয় জনপদের বাস্তব সমস্যা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চীফ হুইপ বামনা, বেতাগী ও পাথরঘাটাসহ উপকূলীয় এলাকার নদীভাঙন, জলাবদ্ধতা, যোগাযোগব্যবস্থার সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন বাস্তবায়নগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
এদিকে বরগুনার বামনা উপজেলাকে বিশখালী নদীর ভাঙন থেকে রক্ষা এবং উপকূলীয় এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রায় ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা বিভাগের দপ্তর থেকে গত ১৬ নভেম্বর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে প্রকল্পটির নাম উল্লেখ করা হয়েছে,‘বরগুনা জেলার অধীনে বিশখালী নদীর ভাঙন হতে বামনা শহর এবং রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা’।
প্রকল্পটির মূল লক্ষ্য বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি এলাকার অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা। এর মাধ্যমে নদীভাঙন ও পানি ব্যবস্থাপনাজনিত ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাউবোর দাপ্তরিক চিঠি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যাচাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ডিপিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ১১ হাজার ১৩৩ লাখ টাকা, যা প্রায় ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০২৬ থেকে মার্চ ২০৩১ পর্যন্ত।
উপকূলীয় বরগুনার বামনা, বেতাগী ও পাথরঘাটা এলাকায় নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দীর্ঘদিনের। বিশেষ করে নদীতীরবর্তী জনবসতি, গুরুত্বপূর্ণ স্থাপনা, লঞ্চঘাট ও যোগাযোগ অবকাঠামো রক্ষায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এবং টেকসই পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ অবস্থায় উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীফ হুইপের আহ্বান এবং বামনায় নদীভাঙন প্রতিরোধ ও পানি ব্যবস্থাপনা প্রকল্পের পুনর্গঠিত ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ উপকূলীয় উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে প্রকল্পটির সুফল পেতে দ্রুত অনুমোদন, যথাযথ অর্থায়ন, নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং কাজের গুণগত মান নিশ্চিত করা জরুরি।
পিএস