দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না: স্বপন

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৮:১০ পিএম
ছবি : প্রতিনিধি

বরিশাল: দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না। এদের চিনে রাখুন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময় দেশের কোটি কোটি মানুষ রাজপথে নেমে আন্দোলনে অংশ নেন। গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের নৈরাজ্য ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিহত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের ভেতরে কোনো ধরনের বিভেদ বা বিভাজন সৃষ্টি করা যাবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসন ও বুদ্ধিজীবীদের একটি অংশ তাঁদের আহ্বানে সাড়া দিয়েছেন। তাঁরা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে ভূমিকা রাখেন।

তিনি অভিযোগ করে বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ যে ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম, মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাসসহ স্থানীয় নেতাকর্মীরা।

পিএস