জামায়াত নেতাদের ৪ বাড়িতে আগুন, পোড়ানো হলো ৮ মোটরসাইকেল

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

পদ্মা নদীর বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে স্থানীয় জামায়াত নেতাদের চারটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বাড়িগুলোতে থাকা আটটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া-রঙ্গিলা মোড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মিজান খাঁ, রিফাত, মহিদুল, রিশাদ ও রবিউল নামে পাঁচজন গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় মুখোশধারীরা মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন। তবে ওই এলাকায় বিক্ষোভ মিছিলের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গোলাগুলির কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে মাজদিয়া এলাকায় স্থানীয় জামায়াত নেতাদের চারটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাড়িগুলোতে থাকা আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তাঁদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামও তাঁর ফেসবুক স্ট্যাটাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন। তিনি দাবি করেন, তাঁর শ্বশুরবাড়িতে মিছিল নিয়ে এসে অগ্নিসংযোগ করা হয়েছে। তাঁর শ্বশুর সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগবিরোধী স্লোগানের আড়ালে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রশাসনের দৃশ্যমান ভূমিকা না থাকার সমালোচনা করে অগ্নিসংযোগকারীদের বিচারের দাবি জানান।

তবে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়। বালুমহালের বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে।

গোলাগুলি ও পরবর্তী অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর এলাকায় নানা গুঞ্জন, রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা বিরাজ করে। বালু ব্যবসার আধিপত্য নিয়ে শুরু হওয়া বিরোধের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা ও ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান গোলাগুলির ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা প্রতিপক্ষ এবং এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা দুটি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।

এসএইচ