রুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার পেল ৪ লাখ টাকা

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই প্রয়াত শিক্ষার্থীর পরিবারের হাতে মৃত্যুকালীন বিমার চেক তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপাচার্যের দপ্তরে দুই শিক্ষার্থীর অভিভাবকদের হাতে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

মৃত দুই শিক্ষার্থী হলেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেরাব হোসেন এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অর্থ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম এবং নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেহেরাব হোসেন ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর মারা যান।

অন্যদিকে, রাফিদ শাহরিয়ার গত ২৩ সেপ্টেম্বর রাজশাহী নগরের কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য উপাচার্যের নির্দেশে তাঁকে হেলিকপ্টারে ঢাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে রুয়েট প্রশাসন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

রুয়েটের বর্তমান প্রশাসন নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনবিমার আওতায় এনেছে। স্বাস্থ্যবিমার আওতায় কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ এক লাখ টাকা সুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নিলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাওয়া যাবে। এ ছাড়া বিদেশে চিকিৎসার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ এক লাখ টাকা বিমাসুবিধা রয়েছে।

অন্যদিকে, জীবনবিমার আওতায় কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পাবে। বিমার প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে দাবি নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার সুযোগ রয়েছে। এ কার্যক্রম পর্যবেক্ষণ করে রুয়েট প্রশাসন।

এসএইচ