মুন্সীগঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। সেই অপশক্তি এখনও সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে উসকানি দিয়ে অগ্নিসন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমরা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যশীলতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করব।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, আমরা তাদের চিহ্নিত করেছি। সীমান্তের ওপার থেকে তাদের লুকিয়ে থাকা নেতাকর্মীদের আগুন লাগানোর নির্দেশ ও ইন্ধন জোগানো হচ্ছে। বাংলাদেশের মাটিতে তাদের অগ্নিসন্ত্রাস আর কখনো সফল হতে দেওয়া হবে না।
পোশাক শিল্পাঞ্চলের অস্থিরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানির মাধ্যমে শ্রমিকদের ব্যবহারের চেষ্টা করা হয়েছিল। মজুরি বোর্ডের মাধ্যমে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করেছেন। কিন্তু এখনও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও আদর্শ থাকবে, সংসদে তর্ক-বিতর্ক হবে। কিন্তু গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী যেভাবে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেরকম ঐক্য আবার আমরা গড়ে তুলব।
পিএস