আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

  • আদালত প্রতিবেদকদ | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:৩০ পিএম

আদালতে হাজিরা দিতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে বহনকারী একটি প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় পলকসহ ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাগার থেকে আদালতে নেওয়ার সময় পথেই এই দুর্ঘটনা ঘটে। পরে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে, যেখানে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় আসামি হিসেবে রয়েছেন সজীব ওয়াজেদ জয়, যিনি বর্তমানে পলাতক বলে জানা গেছে। অপরদিকে, পলক গ্রেপ্তার অবস্থায় রয়েছেন এবং তাকে নিয়মিত আদালতে হাজির করা হচ্ছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন এবং মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

এম