বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারিক প্যানেল আগামী ২৫ জানুয়ারির মধ্যে তদন্তকারী সংস্থাকে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
মামলার আসামি দুজন হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ। শুনানিকালে উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে সরাসরি উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণ বিবেচনা করে জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।
আদালত সূত্র জানায়, শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে তদন্ত কাজ চূড়ান্ত করতে সময় চেয়ে আবেদন জানান প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৫ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেন।
প্রসিকিউশন দল জানিয়েছে, তদন্তের অগ্রগতিতে আসামিদের বিরুদ্ধে গুরুতর সব তথ্যপ্রমাণ উঠে এসেছে। ইলিয়াস আলীকে গুম করার পাশাপাশি আরও কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তাঁদের সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
এর আগে গত ২৩ আগস্ট এই মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানের জামিন আবেদন নাকচ করে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। অন্যদিকে জিয়াউল আহসানকে আগেই এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে গাড়িচালক আনসার আলীসহ রহস্যজনকভাবে নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘ সময় পার হলেও আজ পর্যন্ত তাঁদের কোনো সন্ধান মেলেনি। সাম্প্রতিক তদন্তের অগ্রগতিতে এই গুমের নেপথ্যে থাকা প্রভাবশালী চক্রের চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এসএইচ