জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে বেরোবির সাবেক এই উপাচার্যকে হাজির করা হচ্ছে। এরপর তাকে বিধি মোতাবেক কারাগারে পাঠানোর আবেদন জানাবে প্রসিকিউশন পক্ষ। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
এর আগে গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে প্রধান আসামি হিসেবে সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসায় হাসিবুর রশিদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালান স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং আজ সকালে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাইব্যুনালে সোপর্দ করে।
এসএইচ