রামপুরায় ঝুলে থাকা তরুণকে গুলি করে হত্যা: রায় ২৮ জুন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:৫৬ পিএম
ফাইল ছবি

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং পৃথক ঘটনায় আরও দুইজনের মৃত্যুর মামলায় রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এই মামলার রায় আগামী ২৮ জুন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

আলোচিত এই মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে আরও রয়েছেন খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। মামলায় এখন পর্যন্ত একমাত্র গ্রেফতার আসামি হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে আজ আদালত রায়ের এই তারিখ ঘোষণা করেন।

অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেন নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। ভবনের কার্নিশ থেকে বাঁচার আকুতি জানানো ওই তরুণের ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

একই দিন পৃথক আরেকটি ঘটনায় ছররা গুলিতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি চলে গেলে তার দাদি মায়া ইসলামের মৃত্যু ঘটে। এ ছাড়া এই মামলায় নাদিম নামে আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই প্রথম রায় ঘোষণার দিকে এগোচ্ছে, যা আইনগত ও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ